বরিশাল-৩ আসনে এবি পার্টির প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেছেন, প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে নির্বাচনে সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা যায়নি। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, ভোটের দিন বাবুগঞ্জ ও মুলাদি উপজেলায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, কেন্দ্র দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং জালভোটের মতো অনিয়ম ঘটেছে। এসব অনিয়ম গণমাধ্যমের সামনে তুলে ধরতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য, বিশেষ করে সেনাবাহিনী ও র্যাবের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করলেও নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সামগ্রিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ফুয়াদ। তিনি বলেন, প্রশাসনের কিছু কর্মকর্তা আন্তরিক থাকলেও পুরো ব্যবস্থায় সমান সুযোগ নিশ্চিত হয়নি।
তার ভাষ্য অনুযায়ী, বাবুগঞ্জে কেন্দ্র দখল ঠেকাতে গিয়ে মুলাদির পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। দুর্গম এলাকা হওয়ায় দ্রুত বাহিনী পাঠানো যায়নি। ফলে অনেক ভোটার ভয়ে কেন্দ্র ত্যাগ করেন এবং পরে ব্যালট স্টাফিংয়ের ভিডিও পাঠান।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে অস্ত্রের ভয় দেখানো, পেছনের দরজা দিয়ে ঢুকে দীর্ঘ সময় সিল মারা এবং ভোটের গোপনীয়তা রক্ষা না করার মতো ঘটনাও ঘটেছে। সংসদ নির্বাচনের ভোটসংখ্যা গণভোটের তুলনায় অস্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানিয়ে ফুয়াদ বলেন, অনেক নেতাকর্মী এলাকায় ফিরতে পারছেন না এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছেন। বাবুগঞ্জ-মুলাদির ৬১ হাজার ভোটার তার পক্ষে ভোট দিয়েছেন দাবি করে তিনি বলেন, তাদের রায় উপেক্ষা করা হয়েছে। ভবিষ্যতেও রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।
