লালমনিরহাট-২ আসনের একটি ভোটকেন্দ্রের আশপাশে পুলিশের পোশাক পরে অবস্থান নেওয়ার অভিযোগে এক নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটি ঘটেছে আদিতমারী উপজেলার ভাদাই জিএস সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সন্দেহজনক আচরণের কারণে স্থানীয়দের নজরে আসেন ওই নারী। বয়স প্রায় ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার প্রকৃত পরিচয় এবং কীভাবে তিনি পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করেছেন, তা যাচাই করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের পোশাক পরে তিনি কেন্দ্রসংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিলেন এবং ভোটারদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। তার আচরণে অসংগতি দেখা দিলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে সন্দেহ হলে তাকে থানায় সোপর্দ করা হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি কেন ওই পোশাক পরে কেন্দ্রে ছিলেন এবং ইউনিফর্মের উৎস কোথায়—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে। প্রাথমিকভাবে ওই নারী মানসিকভাবে অসুস্থ হতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
