বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রথমবারের মতো অনুষ্ঠিত গণভোট শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনে একটানা ভোটগ্রহণ হয়। এখন চলছে গণনা।
ইতোমধ্যে ঢাকা-১১ আসনের তিনটি কেন্দ্রের ফলাফল প্রকাশ পেয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও আহ্বায়ক নাহিদ ইসলাম ২,৩৪১ ভোট পেয়ে এগিয়ে আছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১,৫২০ ভোট। ফলে এই তিন কেন্দ্রে নাহিদ ইসলামের লিড ৮২১ ভোট।
রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের অংশ নিয়ে গঠিত ঢাকা-১১ আসনে ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। ভোটগ্রহণ সার্বিকভাবে শান্তিপূর্ণ ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে ৩৬ হাজার কেন্দ্রে। এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ৫১টি রাজনৈতিক দল অংশ নেয়। মোট প্রার্থী ছিলেন ২,০২৯ জন—এর মধ্যে দলীয় ১,৭৫৫ এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন।
