কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফলে তাকে জয়ী হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৪৬টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকে হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ৬১ হাজার ৯৪২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীম উদ্দিন পেয়েছেন ১৮ হাজার ৯৯২ ভোট। এতে তিনগুণেরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে আছেন হাসনাত।
এই সংসদীয় আসনে মোট কেন্দ্র ১১৬টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
