ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জ উপজেলার দুই ইউনিয়নের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে। দলটির অভিযোগ, দুপুরের পর কিছু এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছে এবং বিচ্ছিন্নভাবে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এ দাবি জানান। তিনি বলেন, সারাদেশে দুপুর পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হলেও পরে বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়।
মাহবুবুর রহমান জানান, এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, পটুয়াখালী-১ ছাড়াও পটুয়াখালী-২ ও ৩, ঝালকাঠি-১ ও ২ এবং ভোলা-১, ২ ও ৩ আসনে বড় ধরনের হামলা ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
