ঢাকা-৯ আসনের দুটি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রশীদ হাবিব এগিয়ে রয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের জাবেদ মিয়া পিছিয়ে আছেন। অন্যদিকে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তাসনীম জারা রয়েছেন তৃতীয় স্থানে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেসরকারি সূত্রে পাওয়া তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
মহানগর আইডিয়াল স্কুল কেন্দ্র (কেন্দ্র নং ১১৬)-এর ফলাফলে দেখা যায়, মোট ১,০৪৩ ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৫৯৬ ভোট, শাপলা কলি ২৬১ এবং ফুটবল প্রতীক ১৩৬ ভোট। এই কেন্দ্রে ধানের শীষ বিপুল ব্যবধানে শীর্ষে থাকে।
খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রেও একই ধারা দেখা গেছে। এখানে ধানের শীষ পেয়েছে ৪৫৫ ভোট, শাপলা কলি ১৯২ এবং ফুটবল ১৫৯ ভোট। এ কেন্দ্রে ধানের শীষ ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর ব্যবধান দাঁড়ায় ২৬৩ ভোট।
ঢাকা-৯ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১–৭ ও ৭১–৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন—এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৭ হাজার ৬৭৩, নারী ২ লাখ ৩১ হাজার ৬৮২ এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। আসনটিতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তরুণ চিকিৎসক তাসনীম জারা। যদিও তিনি পার্শ্ববর্তী ঢাকা-১১ আসনের ভোটার। জুলাই অভ্যুত্থানে সক্রিয় তরুণদের দল এনসিপি থেকে সরে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে নামেন তিনি।
