ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে এসে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার দাবি করেছেন তার বোন মাসুমা হাদী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ দাবি জানান। এ সময় তার হাতে ভাই হত্যার বিচারের দাবিসংবলিত একটি প্ল্যাকার্ড দেখা যায়, যা উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সাংবাদিকদের নজর কাড়ে। প্ল্যাকার্ডে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গণমাধ্যমকর্মীদের মাসুমা হাদী বলেন, “আমার ভাই হত্যার বিচার আজও হয়নি। আমরা কেবল ন্যায়বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।” তিনি আরও বলেন, “১৭০০ শহীদ ও তিন হাজারের বেশি মানুষের অন্ধত্ব বরণের মতো ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জুলাই বিপ্লবের পর আমার ভাইকে হত্যা করা হয়েছে। যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, হত্যাকারীদের বিচার করতেই হবে।”
তিনি উল্লেখ করেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে ভোট দেওয়া যেমন দায়িত্ব, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও তার সাংবিধানিক অধিকার।
