ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর মিরপুর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৪। নির্বাচনকালীন সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মোটরসাইকেল শোডাউন ও প্যাট্রলিং মহড়া পরিচালনা করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মিরপুরের বিভিন্ন ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে এ নিরাপত্তা মহড়া পরিচালিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া এই প্যাট্রলিং কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত চলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
