দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ সোমবার (৯ ফেব্রুয়ারি) এ রিট করেন।
রিট আবেদনে দাবি করা হয়, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডোমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা নির্বাচনী আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। আবেদনে নাহিদ ইসলাম, নির্বাচন কমিশনের সচিব এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।
এর আগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ ইসলাম। তবে আদালত সেই আবেদন খারিজ করলে তিনি আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
