বিএনপি ক্ষমতায় এলে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যসেবা জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তার বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন উন্নয়নের নামে অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের ঘাটতি রয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে বিএনপি সরকার গঠন করলে বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে গ্রামাঞ্চলসহ প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
তারেক রহমান আরও বলেন, নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা বাড়ে এবং বিএনপি সেই প্রত্যাশা পূরণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচনে বিজয়ী হলে ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
তিনি দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে জানান, গৃহিণীদের অর্থনৈতিক সহায়তা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃষকদের সহায়তায় ‘কৃষি কার্ড’ চালুর কথাও উল্লেখ করেন।
বেকারত্ব কমাতে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুকদের জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।
