ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা গণতান্ত্রিক জবাবদিহিতা ক্ষুণ্ন করছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র এলাকায় সাংবাদিকদের মোবাইল ফোন বহনে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)।
এফবিজেও মনে করে, আধুনিক সাংবাদিকতার ভিত্তি হচ্ছে তথ্যের দ্রুত ও নির্ভরযোগ্য প্রবাহ। মোবাইল ফোন ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের পক্ষে তথ্য সংগ্রহ, যাচাই ও তাৎক্ষণিকভাবে জনসমক্ষে উপস্থাপন করা প্রায় অসম্ভব। এই বিধিনিষেধ বাস্তবে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কিছু কর্মকর্তা ছাড়া অন্য কারও মোবাইল ফোন বহন নিষিদ্ধ করা হয়েছে। মাঠপর্যায়ে এই সিদ্ধান্তের প্রয়োগ সাংবাদিকদের কার্যত নিষ্ক্রিয় করে দিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ফেডারেশন মনে করে, শৃঙ্খলার অজুহাতে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে স্বাধীন ও নির্ভীক সাংবাদিকতার বিকল্প নেই।
আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি—
অবিলম্বে এই অযৌক্তিক নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের মোবাইল ফোন বহনের অধিকার নিশ্চিত করুন।
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) সাংবাদিকদের পেশাগত অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবসময় ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকবে।
বিবৃতি প্রদান করেছেন
ডঃ মোঃ শাহজাহান মজুমদার
চেয়ারম্যান
মোঃ শামছুল আলম
মহাসচিব
ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)
