ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে রাজধানীর ঢাকা-১৫ আসনে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিলে নেতৃত্ব দেন দলটির আমির ও ওই আসনের সংসদীয় প্রার্থী ডা. শফিকুর রহমান। এতে ঢাকা মহানগর উত্তরসহ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের তালতলা এলাকা থেকে গণমিছিলটি শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিরপুর এলাকার বিভিন্ন অংশ ঘুরে যায়। কর্মসূচি চলাকালে মূল সড়ক ও সংলগ্ন অলিগলিতে সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি ভোটারদের ভীতি ছাড়াই ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
অংশগ্রহণকারীরা দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেন এবং সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
