বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকা না থাকলে স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামী রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ পেত না। একইভাবে, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব না থাকলে দলটি মন্ত্রিত্বের স্বাদও পেত না।
সোমবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী শোভাযাত্রার আগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্র ও রাজনীতিতে তাদের অবস্থান সুদৃঢ় করতে পারবে না—দলটির বক্তব্য ও নীতির মধ্যেই তার প্রমাণ রয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, বিএনপির ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন চালানো হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি অবস্থায় যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি তার খাবারে বিষক্রিয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই বর্তমান সরকারের অন্যায়ের প্রতিবাদ জানানো সম্ভব হবে এবং আসন্ন নির্বাচনী লড়াইয়ের গুরুত্ব অনেক বেশি।
সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
