ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটে কারচুপির বিষয়ে ভারতের সহযোগিতার চেষ্টা রয়েছে— এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশিদের হস্তক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে এবং তারা প্রকাশ্যে একটি নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নিচ্ছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরা এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে অর্থ লেনদেনের মাধ্যমে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আড়াল করার চেষ্টা চলছে। তার মতে, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়েছে।
অন্যদিকে, ঢাকা-১৪ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার আরমান মিরপুর এলাকায় গণসংযোগ করেছেন। তিনি বলেন, দুর্নীতি, শোষণ ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ক্ষমতায় গেলে একটি নিরাপদ ও শৃঙ্খল সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
