ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন জমা দিয়েছে দলটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই ভাষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলটি আশা করছে প্রধান নির্বাচন কমিশনার নির্ধারিত সময়ে ভাষণটি সম্প্রচারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দ্রুত অনুমোদন দেবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়ে গণভোটও আয়োজন করা হবে। এই দ্বৈত ভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সরব পরিবেশ বিরাজ করছে।
