নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রায় দেড় কোটি টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২৫ মার্চ রাতে সংঘবদ্ধ দুটি ডাকাত দল বড়াইগ্রামের বনপাড়ায় নির্মাণাধীন পাওয়ার গ্রিডে চারজন পাহারাদারকে বেঁধে রেখে প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকার মালামাল ট্রাকে করে লুট করে নিয়ে যায়।
ঘটনার পর প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক অনিক কুমার বিশ্বাস বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। পরে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় টানা ৪৮ ঘণ্টা অভিযান চালানো হয়।
অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছে বিভিন্ন জেলার একাধিক মামলার আসামি ও সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা। তাদের কাছ থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ৩৫০টি ব্যাটারি সেল, ১০টি মোবাইলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতিতে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
এর আগে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছিল বলে জানায় পুলিশ।
গ্রেফতার ১৩ জনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
