চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডিউটিরত এক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে ব্যাখ্যা তুলে ধরা হয়।
বিবৃতিতে বলা হয়, ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জ্বালানি তেল সংক্রান্ত এক সভায় জরুরি সেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিকল্প লাইনে জ্বালানি সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টরা বিকল্প লাইনে তেল সংগ্রহ করে আসছিলেন।
তবে ১৬ এপ্রিল আলমডাঙ্গা থানার এক পুলিশ সদস্য জরুরি প্রয়োজনে বিকল্প লাইনে জ্বালানি নিতে গেলে সেখানে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০০ টাকা জরিমানা করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। জ্বালানি সংকট পরিস্থিতিতে সুষম বণ্টন নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই পুলিশ দায়িত্ব পালন করছে।
বিবৃতিতে বলা হয়, জরুরি সেবায় নিয়োজিত সদস্যকে এভাবে জরিমানা করা হলে বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল সকালে ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলে জ্বালানি নিতে গেলে ওই পুলিশ সদস্যকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
