নাটোরের সিংড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে তামিম (১২) ও ফাহিম (১৩)। তারা মায়ের সঙ্গে নানাবাড়িতে অবস্থান করছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে তারা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান।
দ্রুত উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
