হজ ফ্লাইট উদ্বোধন উপলক্ষে হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হবে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্বোধনী ফ্লাইটটি রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দেবে।
এর আগেই হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী ঢাকা হজ অফিসে পৌঁছেছে। হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, হজযাত্রীদের জন্য মিনারেল ওয়াটার, ব্যাকপ্যাক, ইহরাম সামগ্রী, সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং আজওয়া খেজুরসহ বিভিন্ন উপহার দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এক লক্ষ বোতল মিনারেল ওয়াটার ইতোমধ্যে হজক্যাম্পে আগত যাত্রীদের মধ্যে সরবরাহ করা হচ্ছে। উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য এসব উপহার প্যাকেট আকারে বিতরণ করা হবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন।
