এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাত ১১টা ৩০ মিনিটে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই হজ ফ্লাইট শুরু করা হচ্ছে। এর মধ্যে ফ্লাইট শিডিউল বৃদ্ধি ও বিমান ভাড়া সমন্বয়সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।
জানা গেছে, মোট হজযাত্রীর প্রায় অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রীদের পরিবহন করবে সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম হজ ফ্লাইটটি আগামী ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। এতে ৪১৯ জন হজযাত্রী থাকবেন। প্রথম দিনেই মোট ১৪টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সাউদিয়া ৩টি এবং ফ্লাইনাস ৩টি ফ্লাইট পরিচালনা করবে।
এ বছরের হজ পূর্ব ফ্লাইট চলবে আগামী ২১ মে পর্যন্ত। মোট ২০৭টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।
