লেবাননে চলমান যুদ্ধবিরতির সময় সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সংহতি রেখে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধবিরতির বাকি সময় পর্যন্ত এই প্রণালি দিয়ে পণ্যবাহী ও বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচল অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি খুলে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এর আগে ইরান সতর্ক করেছিল, তাদের ওপর হামলা বা উত্তেজনা অব্যাহত থাকলে এই পথের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘাত ও উত্তেজনার কারণে এই রুট ঘিরে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
ইরানের এই ঘোষণাকে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতার জন্য একটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
