জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশ থেকে দ্রুত জনগণের রায় কার্যকর করার আহ্বান জানানো হয় এবং তা বাস্তবায়নে বিলম্ব হলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর টাউন হল এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, গণভোটে জনগণের রায় পাওয়ার পরও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদ কার্যকর করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সরকার জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং রংপুর থেকেই তা শুরু হতে পারে।
