যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আসন্ন শান্তি আলোচনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে উভয় পক্ষকে সৎ উদ্দেশ্য নিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর বিবিসির।
জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মহাসচিব মনে করেন এই কূটনৈতিক সুযোগ কাজে লাগিয়ে একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তির দিকে এগোনো জরুরি, যাতে অঞ্চলে উত্তেজনা হ্রাস পায়।
তিনি আরও জানান, সংঘাত এড়ানো এবং পুনরায় যুদ্ধ পরিস্থিতিতে ফিরে যাওয়ার ঝুঁকি ঠেকাতে সংলাপই একমাত্র কার্যকর উপায়। মহাসচিবের মতে, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে শান্তিপূর্ণ সমাধানের কোনো বিকল্প নেই, যা অবশ্যই আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী হতে হবে।
এছাড়া জানানো হয়েছে, মহাসচিবের ব্যক্তিগত দূতও বর্তমানে ওই অঞ্চলে অবস্থান করছেন, যাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করা যায়।
