জামালপুরের মেলান্দহ উপজেলায় বড়ইগাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপরে অচেতন হয়ে পড়েন এক বৃদ্ধ কৃষক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বীর হাতিজা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কৃষক মো. হযরত আলী নিজ বাড়ির বড়ইগাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি গাছের ওপরে অজ্ঞান হয়ে পড়েন।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের একটি দল। প্রায় ২৫ ফুট উঁচু গাছ থেকে তাকে অচেতন অবস্থায় নিরাপদে নিচে নামানো হয়।
পরে উদ্ধার করে তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
