বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বিশ্বব্যাপী চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে এ পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের দুর্ভোগে না পড়ে, সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে সেচ মৌসুম চলমান থাকায় কৃষকদের স্বার্থ রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষিকাজে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর সফরে আসবেন। এ সফরে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন। প্রতিমন্ত্রী এই সফরকে শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং যশোরের স্থবির উন্নয়ন কার্যক্রমকে নতুন করে গতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
অনিন্দ্য ইসলাম অমিত জানান, প্রধানমন্ত্রী সফরকালে শার্শার উলাশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন, যা যশোরবাসীর জন্য একটি বড় সুখবর। এরপর তিনি যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতালের উদ্বোধন করবেন এবং পরে একটি জনসভায় অংশ নেবেন।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার সকালে যশোর কালেক্টরেট সভাকক্ষে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সদস্যরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী উলাশী খাল পুনঃখনন প্রকল্প এলাকা ঘুরে দেখেন।
