পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আলোচনার আগে কঠোর অবস্থান স্পষ্ট করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে জানান, ওয়াশিংটনের প্রতি ‘সম্পূর্ণ অবিশ্বাস’ নিয়েই তেহরান এই আলোচনায় অংশ নিচ্ছে।
আরাগচি বলেন, অতীতে বারবার প্রতিশ্রুতি ভঙ্গ এবং কূটনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতার কারণে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা রাখা সম্ভব নয়। তবে এত কিছুর পরও ইরান আলোচনায় অংশ নিচ্ছে জাতীয় স্বার্থ ও অধিকার রক্ষার লক্ষ্য নিয়ে।
অন্যদিকে আলোচনার সম্ভাব্য এজেন্ডা নিয়েও আগাম অবস্থান জানিয়ে দিয়েছে তেহরান। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র যদি কেবল নিজেদের স্বার্থকেন্দ্রিক অবস্থান থেকে আলোচনা চালায়, তাহলে পারস্পরিক লাভজনক সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
