দুর্নীতি, দখলদারি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দলীয় পরিচয় যাই হোক না কেন, দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ এপ্রিল) মাগুরার মহম্মদপুরে আমিনুর রহমান কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দলের কেউ অপরাধে জড়িত থাকলেও তাকে আইনের আওতায় আনা হবে। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, সরকারি সুবিধা বিতরণে কোনো ধরনের দলীয় পক্ষপাতিত্ব করা হবে না। ‘ফ্যামিলি কার্ড’ এর মাধ্যমে সকল পরিবারের কাছে সমানভাবে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং অসচ্ছলদের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ চালুর কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
