ময়মনসিংহের ফুলপুরে এক ব্যতিক্রমী ঘটনায় থানায় গিয়ে ওসির চেয়ারে বসে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
জানা যায়, পূর্বঘোষণা ছাড়াই থানায় যান এমপি। সে সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ উপস্থিত ছিলেন না। তাকে না পেয়ে এমপি ওসির কক্ষে প্রবেশ করেন এবং কিছু সময় তার চেয়ারে বসে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ বিষয়ে ওসি জানান, সেদিন সকালে তিনি পুলিশ লাইনে একটি প্যারেডে অংশ নিতে থানার বাইরে ছিলেন। এমপির আগমনের বিষয়ে আগে থেকে কোনো তথ্য ছিল না। পরে এমপি থানায় প্রবেশ করে তার কক্ষে যান এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।
তিনি আরও বলেন, শুরুতে এমপি চেয়ারে বসতে কিছুটা দ্বিধায় ছিলেন, তবে সঙ্গে থাকা ব্যক্তিদের অনুরোধে সেখানে বসেন।
অন্যদিকে, এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ দাবি করেন, তিনি থানায় পরিদর্শনের জন্য গিয়েছিলেন। ওসি অনুপস্থিত থাকায় পরিস্থিতির কারণে তাকে ওই চেয়ারে বসতে বলা হয় এবং তিনি এতে কোনো সমস্যা দেখেননি।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না পেলেও সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যার পর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
