রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশের জিপিও লিংক রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানগুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপসারণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে শুরু হওয়া এ অভিযানে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট, সম্পত্তি বিভাগের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানের খবর পেয়ে আগেই অধিকাংশ দোকানি তাদের অস্থায়ী দোকান সরিয়ে নেন। তবে যেসব দোকান অবশিষ্ট ছিল, সেগুলো উচ্ছেদ করে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, গত ১০ মার্চ বিভিন্ন সংস্থার সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর আগে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় সড়ক শৃঙ্খলা ফেরাতে বড় ধরনের অভিযান চালিয়ে অবৈধ বাস কাউন্টার অপসারণ করা হয়।
প্রাথমিক জরিপে টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত প্রায় ২৪০টি অবৈধ বাস কাউন্টার শনাক্ত করা হয়, যেগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হচ্ছে।
এছাড়া রাজধানীর মগবাজার, কাকরাইল, বাংলামোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।
অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও যানজট নিরসনে এই কার্যক্রম চলমান থাকবে এবং অবৈধ দখল সম্পূর্ণভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
