রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টার আরেক মামলায় সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এদিন কারাগার থেকে মাহবুব আলীকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. শাহজালাল মিয়া তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।
আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে অভিযোগ রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় নবম শ্রেণির শিক্ষার্থী আদহাম বিন আমিন গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় তার ভাই আকিবুন নূর বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
