সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোকে ঘিরে চলমান বিতর্কে কোনো মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান জানান।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও শপথ পড়ানো হয়। তবে এই শপথে বিরোধীদলীয় সংসদ সদস্যরা অংশ নিলেও সরকারি দলের সদস্যরা তা থেকে বিরত থাকেন। বিষয়টি নিয়ে সংসদে সরকারি ও বিরোধীদলের মধ্যে একাধিকবার তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
নির্বাচনী পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। নির্বাচন কমিশন আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কিছুটা কম থাকে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, এ বিষয়ে সরকারের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবে নির্বাচন কমিশন। আইন পরিবর্তনের প্রয়োজন রয়েছে কিনা, সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।
