ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি লেবাননেও কার্যকর করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো বলেছেন, চলমান সংঘাতের মধ্যে লেবাননকে এই চুক্তির বাইরে রাখা উচিত নয়।
রয়টার্সের বরাতে দেওয়া এক বক্তব্যে তিনি ইসরাইলের সাম্প্রতিক বড় ধরনের হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে বলেন, লেবাননে চলমান হামলাগুলোও যুদ্ধবিরতির আওতায় আনতে হবে।
এর আগে ইসরাইল লেবাননে ব্যাপক হামলা চালায়, যাতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে অঞ্চলে।
তবে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা ভিন্ন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইসরাইলকে লেবাননে হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি দেয়নি।
অন্যদিকে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির পরও লেবানন ইস্যুতে বড় শক্তিগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় অঞ্চলটিতে স্থিতিশীলতা এখনো অনিশ্চিত রয়ে গেছে।
