নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল থেকে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোটগ্রহণ পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি জানান, নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ড্রোনসহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পুরো ভোট প্রক্রিয়া মনিটর করা হচ্ছে। তিনি বলেন, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনের মতোই এ নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা চলছে।
নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, শেরপুর সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে সেনাবাহিনী কিছুটা দূরে অবস্থান করছে। এ কারণে বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে। পাশাপাশি র্যাব, আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। যদিও উপনির্বাচনে সাধারণত ভোটার উপস্থিতি কম থাকে, তবুও পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের দুটি আসনের ফলাফল নিয়ে প্রশ্নের জবাবে সিইসি জানান, বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। একইভাবে অন্যান্য বিচারাধীন ইস্যুতেও তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচন ও পূর্ববর্তী সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে বর্তমান সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
