লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষের ছাদের অংশ ভেঙে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ষষ্ঠ শ্রেণির ক্লাস চলাকালে এ দুর্ঘটনা ঘটে, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
আহত শিক্ষার্থীরা হলো—ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, ক্লাস চলাকালে হঠাৎ করে ছাদের পলেস্তরা ও ভিমের একটি অংশ ভেঙে নিচে পড়ে। বিকট শব্দে পুরো শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে যায়। সিসিটিভি ফুটেজেও এই ঘটনার দৃশ্য ধরা পড়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল, তবুও সেখানে ক্লাস নেওয়া হচ্ছিল। তারা দ্রুত ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানায়, নচেৎ বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। প্রধান শিক্ষক মো. সেলিম জানান, বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই পাঠদান চালানো হচ্ছিল। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ—এ তথ্য তাদের জানা ছিল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে বরাদ্দ না থাকায় এখনো কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
