নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, তাদের প্রকৃত শক্তি ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষের ধারণা অসম্পূর্ণ এবং বিভ্রান্তিকর।
ইরানের খাতাম-আল আনবিয়া সামরিক কমান্ডের সদর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষ ইরানের সামরিক প্রস্তুতি ও সক্ষমতাকে সঠিকভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত ওই বিবৃতিতে এক মুখপাত্র বলেন, “আমাদের সামরিক শক্তি সম্পর্কে আপনাদের তথ্য অসম্পূর্ণ। আমাদের বিস্তৃত ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনারা কিছুই জানেন না।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন এমন ধারণা না করে যে, তারা ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার ড্রোন, উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বা ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ধ্বংস করতে সক্ষম হয়েছে।
মুখপাত্রের দাবি, ইরানের সামরিক উৎপাদন ব্যবস্থা এমন সব গোপন স্থানে পরিচালিত হয়, যেখানে পৌঁছানো প্রতিপক্ষের পক্ষে সম্ভব নয়। ফলে সামরিক অবকাঠামো ধ্বংসের যে দাবি করা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, শত্রুপক্ষের বিরুদ্ধে আরও কঠোর, ব্যাপক ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে ইরানের। “স্থায়ী ও চূড়ান্ত আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে”—এমন হুঁশিয়ারিও পুনর্ব্যক্ত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনাকে জটিল করে তুলছে।
আজকের খবর/ এম.এস.এইচ
