যশোরে বিপুল পরিমাণ হীরা ও বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম সুজাউদ্দিন, যার কাছ থেকে উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২ মার্চ) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিকেলে ঝুমঝুমপুরস্থ বিজিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহজনকভাবে চলাফেরার সময় সুজাউদ্দিনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৫৫.৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড, ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত হীরাগুলো ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন তিনি। এর আগে তিনি বাংলাদেশসহ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় একাধিকবার ভ্রমণ করেছেন বলেও জানায় বিজিবি।
আটক ব্যক্তির বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত হীরা ও বিদেশি মুদ্রা সরকারি ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
