মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ মাঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ বিঘা জমির পাকা গম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফলে এক মুহূর্তেই কৃষকদের পুরো মৌসুমের আশা ভেঙে পড়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, গম কাটার পর মাঠে পড়ে থাকা খড় পরিষ্কার করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। কৃষক ওসমান আলী নিজের জমির খড় পোড়ানোর সময় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশপাশের জমিতে ছড়িয়ে পড়ে। এতে পাশের জমির পাকা গম মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় কৃষকরা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
ক্ষতিগ্রস্ত কৃষক লালন বলেন, কয়েক দিনের মধ্যেই গম ঘরে তোলার প্রস্তুতি ছিল। সেই ফসলই পুড়ে যাওয়ায় তিনি এখন দিশেহারা। একইভাবে কৃষক আব্দুল কাদের জানান, জ্বালানি সংকটের কারণে গম কাটতে দেরি হওয়ায় এই ক্ষতির মুখে পড়তে হয়েছে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ঘটনাস্থলে কৃষি বিভাগের প্রতিনিধি পাঠানো হয়েছে। সরেজমিনে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। তিনি কৃষকদের খোলা মাঠে আগুন ব্যবহার না করার জন্য সতর্ক করেন।
