দেশজুড়ে হামের প্রকোপ অব্যাহত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিটে হামের সংক্রমণ পরিস্থিতি, মৃত্যুর সংখ্যা, টিকাদানের অগ্রগতি এবং টিকার প্রাপ্যতা বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি টিকাদানে ঘাটতি, সরবরাহ সংকট ও বিলম্বের কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্তের দাবি জানানো হয়।
আবেদনকারী উল্লেখ করেন, এসব অব্যবস্থাপনা সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘনের শামিল।
এছাড়া দ্রুত দেশব্যাপী জরুরি টিকাদান কর্মসূচি চালুর নির্দেশনা দিতে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
