ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পেছানো হয়েছে। আদালত আগামী ১৯ এপ্রিল নতুন দিন নির্ধারণ করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গোয়েন্দা পুলিশের দেওয়া অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরবর্তীতে মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটির পেছনে রাজনৈতিক বিরোধের বিষয়টি উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
