জামালপুরে পারিবারিক বিরোধের জেরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের হামলায় আবদুল হাকিম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছেলের শ্বশুরসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার ঝাওলা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম ওই এলাকার বাসিন্দা। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হাকিমের ছেলে মোহাম্মদ শামীম মিয়ার সঙ্গে নরুন্দি কচুনধরা এলাকার কাদিউর রহমানের মেয়ে কামরুন নাহারের বিয়ে হয়। তবে দাম্পত্য কলহের কারণে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
এই বিরোধ মীমাংসার জন্য বুধবার রাতে আবদুল হাকিমের বাড়িতে সালিস বসে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে কথা–কাটাকাটি শুরু হয়।
এ সময় শামীমের শ্বশুর ও তাঁর স্বজনেরা আবদুল হাকিমকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা নয়ন মিয়া জানান, দাম্পত্য কলহকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। গতকাল শ্বশুরবাড়ির ১০-১২ জন লোক এসে হঠাৎ হামলা চালায়, এতে আবদুল হাকিম গুরুতর আহত হয়ে মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
