জামালপুরে পারিবারিক বিরোধের জেরে হামলায় আবদুল হাকিম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলের শ্বশুরসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার ঝাওলা গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হাকিম একই এলাকার বাসিন্দা। তাঁর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে মোহাম্মদ শামীম মিয়া ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং সেখানেই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে নরুন্দি কচুনধরা এলাকার কাদিউর রহমানের মেয়ে কামরুন নাহারের সঙ্গে শামীমের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে কলহের জেরে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য বুধবার রাতে আবদুল হাকিমের বাড়িতে সালিস বসে।
সালিস চলাকালে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে শ্বশুরপক্ষের লোকজন আবদুল হাকিমকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে। নিহতের স্বজনদের দাবি, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
