ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রহিমা আক্তার নামের সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা যায়, বুধবার (১ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একইদিন দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
মৃত শিশুটি মাদারীপুর সদর উপজেলার কাউদিয়া গ্রামের বাসিন্দা রিয়াজ খানের কন্যা।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তির সময় থেকেই শিশুটির অবস্থা গুরুতর ছিল। চিকিৎসা দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। যদিও পরীক্ষার চূড়ান্ত ফল পাওয়া যায়নি, তবে উপসর্গ বিবেচনায় চিকিৎসকেরা এটিকে হামজনিত মৃত্যু হিসেবে ধারণা করছেন।
এদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত ফরিদপুর জেলায় হামের উপসর্গ নিয়ে ৬৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন নয়জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে মোট ২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
