রংপুরের তারাগঞ্জে পাথরবোঝাই ট্রাক ও ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক হেলপার গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল ৭টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজীপুর এলাকার খারুভাজ ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
নিহতদের মধ্যে পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। বিআরটিসি ট্রাকের চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে রংপুরগামী পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে সৈয়দপুরমুখী বিআরটিসি ট্রাকের সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল (৩২) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। নিহত দুই চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিআরটিসি ট্রাকের চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ায় বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
