দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর কমে যাওয়ায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
এর আগে মাত্র একদিন আগে ১২ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৬ বার কমানো হয়েছে।
