প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই বাস্তবায়ন করে দেখান বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ভোটের সময় দেওয়া হাতের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনী অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং ইতোমধ্যে দেশবাসীর কাছে এর সুফল দৃশ্যমান হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উদ্যোগে দেশের সামগ্রিক উন্নয়নের গতি বাড়ছে এবং সাধারণ মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ইতোমধ্যে দেশের দৃশ্যপটে পরিবর্তন এসেছে।
সভায় আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম।
