ঈদকে সামনে রেখে উত্তরাঞ্চলের মানুষ ঘরে ফিরতে শুরু করায় ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। ফলে উত্তরবঙ্গসহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবেই চলাচল করছেন ঘরমুখো মানুষ।
সরেজমিনে মহাসড়কের রাবনা, নগরজলফৈ বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে, শুক্রবার সকাল থেকে এ সড়কে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই যানবাহনের চাপ বাড়ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে সেতু এলাকায় প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। মোটরসাইকেলের জন্য চারটি আলাদা বুথসহ সেতুর দুই পাশে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে।
এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে যানজট এড়াতে ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের আশা, এ বছর বড় ধরনের যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন ঘরমুখো মানুষ।
