কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি এখনো পুরোপুরি নিরাপদ নয় বলে মনে করেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। এ কারণে তিনি অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলেন, শিশু ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের চ্যাটজিপিটি ব্যবহার থেকে দূরে রাখা উচিত। তার এই মন্তব্যের পর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মূলত এক্সে অন্য এক ব্যবহারকারীর একটি পোস্ট উদ্ধৃত করে চ্যাটজিপিটির নিরাপত্তা নিয়ে নিজের মতামত জানান ইলন মাস্ক। ওই পোস্টে দাবি করা হয়, গত মাসে কানাডার টাম্বলার রিজ এলাকার একটি বিদ্যালয়ে বন্দুক হামলার আগে হামলাকারী জেসি ভ্যান রুটসেলার চ্যাটজিপিটির সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার আগের কয়েক দিন ওই ব্যক্তি চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনে বন্দুক হামলার সম্ভাব্য বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেছিলেন। একটি স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে এসব বার্তা শনাক্তও করা হয়েছিল।
ওপেনএআইয়ের এক মুখপাত্র বিষয়টি স্বীকার করে জানান, সংশ্লিষ্ট ব্যবহারকারীর অ্যাকাউন্ট পরে নিষিদ্ধ করা হয়েছিল। তবে তাদের মূল্যায়নে ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর মতো পর্যায়ে পৌঁছায়নি।
এর আগে ইলন মাস্ক দাবি করেছিলেন, চ্যাটজিপিটি ব্যবহারের সঙ্গে একাধিক মৃত্যুর ঘটনার সম্পর্ক থাকতে পারে। তার মতে, অন্তত নয়টি মৃত্যুর ঘটনায় এই প্রযুক্তির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যার মধ্যে কয়েকটি আত্মহত্যার ঘটনাও রয়েছে।
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান বলেন, এসব ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক, তবে বিষয়টি অত্যন্ত জটিল এবং সরাসরি কোনো প্রযুক্তিকে দায়ী করা সহজ নয়।
তিনি আরও বলেন, ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্স এআইয়ের তৈরি চ্যাটবট গ্রোককেও বিভিন্ন সময় নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে টেসলার অটোপাইলট ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত দুর্ঘটনায় ৫০ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
