বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। তিনি এতদিন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপির দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা। প্রজ্ঞাপনে উপ-সচিব তৌছিফ আহমেদের সই রয়েছে।
জানা গেছে, আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাকে প্রথমে চাকরিচ্যুত করা হয় এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরবর্তীতে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।
নতুন আইজিপি হিসেবে তার সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও পুলিশ বাহিনীর সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
