শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই এ দুই আসনের নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান মাছুউদ এক সাক্ষাৎকারে জানান, নির্বাচনের তারিখ ও প্রস্তুতি সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সেখানে নতুন তফসিল ঘোষণা করে পুনরায় নির্বাচন আয়োজন করতে হয়।
অন্যদিকে সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়লাভ করেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
