প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেল জামিন পেয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত আপোসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।
এদিন তাকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগ অনুযায়ী, এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা হাতিয়ে নেন নোবেল। এ ঘটনায় গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেন।
আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন দাখিল করা হয়।
মামলায় নোবেল ছাড়াও তার মা, স্ত্রী ও সহযোগীসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।
